ফরিদগঞ্জ লেখক ফোরামের চারজন সক্রিয় সদস্য প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদের স্বেচ্ছাচারিতা ও আর্থিক জবাবদিহিতার অভাবের অভিযোগ এনে সংগঠন ত্যাগ করেছেন। রবিবার (১৭ আগস্ট) তারা ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারীরা হলেন সাবেক সহ-সভাপতি ইয়াছিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক সাহেদ বিন তাহের, সাবেক ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং সাবেক সমাজকল্যাণ সম্পাদক তানজিল হৃদয়।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, “দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও আমরা অবহেলিত হয়েছি। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত সবসময় প্রতিষ্ঠাতার একক ইচ্ছায় নেওয়া হচ্ছে। একইসাথে অর্থনৈতিক লেনদেনে কোনো স্বচ্ছতা নেই, যা সংগঠনের কার্যক্রমকে বারবার সংকটে ফেলছে।”
এর আগে ২০২১ সালে নুরুল ইসলাম ফরহাদের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ছয়জন সদস্য পদত্যাগ করেছিলেন। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্তরা মনে করছেন, নিয়মতান্ত্রিক কার্যক্রম ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ফরিদগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন আরও সংকটে পড়তে পারে।