খুলনার ডুমুরিয়ায় পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা ইজিবাইকটি খুলনা থেকে চুকনগরগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী রিনা খাতুন (৩৬) ও মোহাম্মদ রুস্তম আলী খান (৬৫) নিহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে চালক মোহাম্মদ মুজাহিদ মোড়ল (২৫) মারা যান।
ডুমুরিয়া থানা ওসি মো. মাসুদ রানা এবং সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মণ্ডল জানান, পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশ জব্দ করেছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।