বেসরকারি শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন। আর থাকছে না নিবন্ধন পরীক্ষা। নতুন বিধি অনুযায়ী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ বিসিএসের আদলে হবে নিয়োগ প্রক্রিয়া। এ লক্ষ্যে শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সংশোধিত বিধি কার্যকর হলে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই প্রার্থীর বয়স গণনা শুরু হবে। এ ছাড়া শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভায় ডাকা হবে এবং যত পদ শূন্য থাকবে তার ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। ফলে কেউ যোগদান না করলে অপেক্ষমাণ প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যাবে।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পূর্বের মতো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার আলাদা ধাপ থাকবে না। বরং বিশেষ বিসিএসের মতো ২০০ নম্বরের লিখিত (এমসিকিউ ও লিখিত মিশ্রিত) পরীক্ষা ও পরে ভাইভা নেওয়া হবে। এতে প্রার্থীদের জন্য প্রক্রিয়াটি সহজ হবে।
তিনি আরও জানান, সংশোধিত বিধিটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে শিক্ষা মন্ত্রণালয় জারি করবে। নতুন বিধি কার্যকর হলে ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে সরাসরি নতুন পদ্ধতিতে নিয়োগ দেওয়া হবে।