ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মোহাম্মদপুর থানার আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।
রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) পদায়ন করা হয়েছে। শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ আদেশ কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ বিভিন্ন অভিযোগে ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে স্থানীয়রা একাধিকবার মানববন্ধন করেন। পরে তার সমর্থনে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের কয়েকজন মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে পাল্টা মানববন্ধন আয়োজন করা হয়।