ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফল প্রকাশ শুরু হয়।
ইতোমধ্যেই ভিপি, জিএস ও এজিএস পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান বিপুল ভোটে জয়ী হয়েছেন।
ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে আবিদ পেয়েছেন ৫৭০৮, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ৩৩৮৯, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ৬৬৮ এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩৮৮৩ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর বারী হামিম পান ৫২৮৩, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার ২১৩১ এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পান ৪৬৪৫ ভোট।
এজিএস পদে মহিউদ্দীন খান পান ১১ হাজার ৭৭২ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পান ৫০৬৪ ভোট।
আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, “ডাকসুতে মডেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানও এই অভিজ্ঞতা অনুসরণ করবে।”
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১টা ৫০ মিনিটে হলগুলোর ফলাফল ঘোষণা শুরু হয়। সর্বশেষ বুধবার সকাল ৬টার দিকে ফজিলাতুন্নেসা মুজিব হলের ফলাফল ঘোষণার মাধ্যমে প্রক্রিয়া শেষ হয়।