শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

দ্বিতীয় দিনও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে বুধবার বেলা ১১টার দিকে তারা মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এর আগে বুয়েট থেকে একটি মিছিল শাহবাগ মোড়ে পৌঁছে এবং আন্দোলনকারীরা সেখানে অবস্থান নেন।

আন্দোলনকারীরা দাবি করেন, প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া, প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আন্দোলনকারীরা আরও জানান, এই তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

গতকালও শিক্ষার্থীরা একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন। তাদের সঙ্গে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্ত হন। এর ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

এক বিজ্ঞপ্তিতে আন্দোলনকারীরা জানিয়েছে, সোমবার নেসকো কার্যালয়ে বুয়েটের ইইই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

এলাকার খবর

সম্পর্কিত