রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রচুর পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলা ও মাদক কারবারের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের উপস্থিতি শনাক্ত করা হয়। গোয়েন্দা তৎপরতার সময় সোহেল ও তার সহযোগীরা এক গোয়েন্দা কর্মীর ওপর হামলা চালায়, ফলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে নিকটস্থ সেনা টহল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মকর্তাকে উদ্ধার করে এবং অভিযানে ৬ জনকে হাতেনাতে আটক করে।
পরবর্তী সন্ধ্যা ৮টায় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফার যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৫ হাজার ৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি, মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয় এবং আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলায় জড়িতরা হলেন: সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬) ও শেখ গোলাম জেলানি (৬৮)। জেলানি মোহাম্মদপুর থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
মাদক কারবারীরা হলেন: মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১)।
মোহাম্মদপুরের সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, বুনিয়া সোহেলকে গ্রেপ্তারের লক্ষ্যেই অভিযান চালানো হয়েছিল, তবে তিনি পালিয়ে যান। আটক ১১ জনের মধ্যে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে। আর হামলায় জড়িত সাতজনকে জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় পাঠানো হবে।
তিনি আরও যোগ করেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।