২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বেশ জাঁকালো হয়ে উঠেছিল। তৈরি হয়েছিল সিনেম্যাটিক রোমাঞ্চ। যার মধ্যমণি ছিলেন ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান।
তিনি নিয়ে এসেছিলেন নতুন দল ‘ঢাকা ক্যাপিটালস’। তাঁর হাত ধরে জড়ো হয়েছিল সিনেপর্দার তারকারাও। মূলত রিমার্ক-হারল্যান্ড হলো এই দলের মালিক। এর শীর্ষ কর্মকর্তা ছিলেন শাকিব খান! হ্যাঁ, ‘ছিলেন’; এখন আর প্রতিষ্ঠানটির সঙ্গে নেই এই ঢালিউড সুপারস্টার।
সে কারণেও দলটির সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, আরও একটি বিস্ফোরক ঘটনা ঘটে গেছে। বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট ডিজিটালের এক প্রতিবেদনে এসব দাবি করা হয়।
এতে বলা হয়, বিসিবির দুর্নীতি দমন সংস্থা ‘আকু’র তদন্ত প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। যেখানে নাম আছে শাকিবের সাবেক প্রতিষ্ঠান ঢাকা ক্যাপিটালসের। এ ছাড়া প্রশ্নবিদ্ধ হয়েছে সিলেট ও চট্টগ্রামের দল দুটিও।
শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, এই অভিনেতা দীর্ঘদিন ধরেই রিমার্ক-হারল্যান থেকে সরে এসেছেন। তাই ঢাকা ক্যাপিটালসসহ রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর যুক্ত নেই। সুতরাং দলটি সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই।
জানা যায়, বিপিএলের তিনটি দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণ হলে বড় ধরনের শাস্তি পেতে হবে সংশ্লিষ্টদের।