নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত: ইসি

 ছবি:
ছবি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই। রোডম্যাপের খসড়া তৈরি হয়ে গেছে, এখন সমন্বয়ের কাজ চলছে। আশা করছি এই সপ্তাহেই কমিশনের বৈঠকে তা অনুমোদন পেয়ে ঘোষণা দেওয়া হবে।”
 
ইসি সচিব জানান, এবারও প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। তবে যৌক্তিক কারণে কিছু ক্ষেত্রে নতুন কেন্দ্র যোগ হতে পারে। প্রতি পাঁচশ ভোটারের জন্য একটি বুথ বরাদ্দ থাকলেও এবার সেটি বাড়িয়ে ছয়শ করা হবে। তবে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ খোলার কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি।

আখতার আহমেদ আরও বলেন, প্রাথমিকভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য বাছাই হওয়া ২২টি রাজনৈতিক দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্তের জন্য স্থানীয় প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। এরপর থেকেই কমিশন নির্বাচনী প্রস্তুতি শুরু করে। ইতোমধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

নির্বাচনের সময়সীমা ঘোষণাকে বিএনপি স্বাগত জানালেও জামায়াতে ইসলামী জানিয়েছে—শুধুমাত্র আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে তারা অংশ নেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশও একই দাবি তুলেছে।

জাতীয় পার্টি বলেছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এদিকে এনসিপি জানিয়েছে, তারা কেবল তখনই নির্বাচনে অংশ নেবে যদি গণঅভ্যুত্থান-পরবর্তী জুলাই সনদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হয়। গত ১২ আগস্ট ঢাকার এক অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। নতুন সংস্কার বা সংবিধান হয়নি, তাই আমরা নির্বাচনে যাচ্ছি না।”

অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা অবশ্য স্পষ্ট করেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণানুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলাকার খবর

সম্পর্কিত