আগামী ২৪ আগস্ট থেকে কক্সবাজারে তিন দিনের রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ৪০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণ থাকবে। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জানিয়েছেন।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৫ আগস্ট কক্সবাজারে পৌঁছে সম্মেলনে অংশ নেবেন। শফিকুল আলম বলেন, “রোহিঙ্গা সম্মেলন ২৪ আগস্ট শুরু হয়ে ২৬ আগস্ট পর্যন্ত চলবে। কক্সবাজারে রোহিঙ্গা সমস্যার সমাধানকে কেন্দ্র করে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে এবং এতে ৪০টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।”
তিনি আরও জানান, সম্মেলন থেকে প্রাপ্ত সুপারিশগুলো জাতিসংঘের কাছে উপস্থাপন করা হবে। “জাতিসংঘে ১৭০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত রোহিঙ্গা কনফারেন্সে এই সুপারিশগুলো তুলে ধরা হবে,” বললেন শফিকুল আলম।
সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়েও তিনি তথ্য প্রদান করেন। শফিকুল আলম জানান, “৩৬৭টি সুপারিশের দ্রুত বাস্তবায়ন চলছে এবং প্রতিটি মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনেক সংস্কার প্রণয়ন ও বাস্তবায়ন করছে।”
এছাড়া তিনি জানান, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। রাজস্ব বিভাগের সচিব বা প্রধান পদে নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা করে কাস্টমস ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে।