ক্যানসার আক্রান্ত ক্রিকেটার ক্লার্ক, কেটে ফেললেন নাকের একটি অংশ

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ছয়টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার পঞ্চম শিরোপাটি এসেছিল মাইকেল ক্লার্কের হাত ধরে। ২০১৫ বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিলেন ক্লার্করা।

সে ঘটনার এক দশক পেরিয়ে গেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা এ ব্যাটসম্যানও ক্রিকেট ছেড়েছেন ২০১৫ সালেই। তা এতদিন পর ক্লার্ক প্রসঙ্গ আসছে কেন? সেটার মূল কারণ সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের এক ইনস্টাগ্রাম পোস্ট। সেখানে ক্লার্ক জানিয়েছেন, স্কিন (ত্বক) ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।

আজ বুধবার সকালে দেওয়া পোস্টে ক্লার্ক লিখেছেন, ‘ত্বক ক্যানসারের ঘটনা অতিমাত্রায় বাস্তব। বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবারও আমার নাক থেকে একটি অংশ কেটে ফেলতে হয়েছে। সবাইকে মনে করিয়ে দিতে চাই, নিয়মিত ত্বক পরীক্ষা করুন। চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম। তবে আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করাটাই ছিল মূল বিষয়। ডাক্তার বিশ সুলিমানের প্রতি কৃতজ্ঞতা, উনি এটা আগেভাগেই শনাক্ত করতে পেরেছেন।’

স্কিন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানানোর পোস্টে নিজের একটি ছবিও যুক্ত করেছেন ক্লার্ক। সেখানে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। তাঁর নাকে একটি ব্যান্ডেজ দেখা গেছে। এর আগেও দুবার স্কিন ক্যানসার ধরা পড়েছিল তাঁর। ক্লার্ক ছাড়াও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের মধ্যে ম্যাক্স ওয়াকার, রিচি বেনো, ম্যাথু হেইডেন স্কিন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার জার্সিতে ১২ বছর খেলেছেন ক্লার্ক। দীর্ঘ এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে করেছেন ১৭ হাজারের বেশি আন্তর্জাতিক রান। এছাড়া অস্ট্রেলিয়াকে ৭৪ টেস্ট ও ১৩৯ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ক্লার্ক।
 

বিষয়:

খেলা
এলাকার খবর

সম্পর্কিত