নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্বে সুশীলা

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

সব জল্পনার অবসান ঘটিয়ে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিই নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধান হতে যাচ্ছেন। আজ শুক্রবার সন্ধ্যার পর তিনি অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো নারী সরকারপ্রধান পেতে যাচ্ছে নেপাল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং আন্দোলনকারীদের মধ্যে আলোচনার পর কার্কিকে নিয়োগের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

‘জেন জি’ নামে পরিচিত প্রধানত তরুণ আন্দোলনকারীদের দুর্নীতিবিরোধী বিক্ষোভে এই সপ্তাহে ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছিল।

পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর জেরে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করার পর সহিংসতা কমতে শুরু করে।

এবার দায়িত্ব পাচ্ছেন কার্কি। স্থানীয় টিভি চ্যানেলগুলোর খবরে বলা হয়েছে, তাঁর সঙ্গে আরও দুজন মন্ত্রীও শপথ নেবেন।

একমাত্র নারী হিসেবে প্রধান বিচারপতি পদে দায়িত্ব পালন করা কার্কিকে আন্দোলনকারীরা তাঁর সততা, নিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে বেছে নেন। তিনি ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় এক বছর প্রধান বিচারপতির পদে ছিলেন।

বিষয়:

নেপাল
এলাকার খবর

সম্পর্কিত