নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের বাংলাভাষীদের ওপর চলমান হয়রানি ও পশ্চিমবঙ্গের অনেককে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠানোর ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
গতকাল শুক্রবার ইন্ডিয়া’স ইয়ুথ: সোশ্যাল অপরচুনিটিজ দে শুড হ্যাভ শীর্ষক উন্মুক্ত আলোচনায় ৯১ বছর বয়সী অমর্ত্য সেন বক্তব্য দেন। রসিকতার আভায় তিনি বলেন, “খবরের কাগজে দেখেছি বাংলায় কথা বলায় একজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটা আমাকে ভাবায়। সিদ্ধান্ত নিলাম, ফরাসি ভাষায় কথা বলবো, কিন্তু সমস্যা হচ্ছে আমি ফরাসি জানি না।”
তিনি আরও উল্লেখ করেন, আমাকেও হয়তো বাংলাদেশে পাঠানো হতে পারে, কারণ ঢাকায় আমার পূর্বপুরুষের বাড়ি রয়েছে। তবে এ নিয়ে আমার খুব বেশি আপত্তি নেই।
বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানির খবরের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর গুরুত্বারোপ করেন। অমর্ত্য সেন বলেন, বাংলার লোকজন বা বাংলাভাষী মানুষরা পেশাগতভাবে বাধার মুখে পড়ছেন, অসম্মানিত হচ্ছেন। বাঙালি সংস্কৃতি ও সভ্যতা সবার সেরা—এই দাবি আমি করব না, তবে আমাদের বাংলার ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাসকে সম্মান করতে হবে। যদি তা না হয়, তবে প্রতিবাদ জরুরি।
বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলেছে। এ সময় সীমান্ত দিয়ে বাংলাভাষীদের ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে, যেখানে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ভারতের বাংলাভাষী নাগরিকদেরও হয়রানি এবং পুশ-ইনের অভিযোগ উঠেছে।